পোবনিউজ২৪, ঢাকা ১৩ এপ্রিল ২০২৬ : বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এই বৈঠকে দু’দেশের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এছাড়া দুই দেশের বিদ্যমান সুসম্পর্ককে আরও শক্তিশালী করতে সংসদীয় কূটনীতির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ওপর জোর দেয়া হয়।
এ সময় হাইকমিশনার স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার দেন। বৈঠকে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






