পোবনিউজ২৪, ঢাকা ৪ এপ্রিল ২০২৬ : ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আগুন লেগে পুড়ে যাওয়া গ্যাসলাইট তৈরির টিনশেড কারখানা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ৪টা ৪৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনে এসব মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন নিয়ন্ত্রণের পর এ পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা নারী নাকি পুরুষ; তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান করা হচ্ছে।
এর আগে, দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি নিয়ন্ত্রণ কক্ষ।
এদিকে, কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকারপ্রধান। বিবৃতিতে প্রধানমন্ত্রী হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি।






